ঢাকায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক সফর নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার মাথার ওপর দিয়ে যাচ্ছে।
রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করতে চান না বলেও জানান ভারতীয় হাইকমিশনার। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথারও ওপর দিয়ে যাচ্ছে ভাই।’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশেরই এ বিষয়ে আগ্রহ রয়েছে এবং পরিবেশ খুবই ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তবে কিছু চ্যালেঞ্জ থাকবেই বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী।
এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সফর নিয়ে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। অনেক বিষয় নিয়েই আলোচনা হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

