মঙ্গলবার চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফের মৃত্যুতে ঢাকার রাজপথে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংঘর্ষের জেরে ঢাবি ক্যাম্পাসে রাতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া সাতকানিয়া উপজেলা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রাত সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। রাত সোয়া দশটায় সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর শিক্ষার্থীরা ভিসি চত্বরে সমবেত হয়ে চার দফা দাবি উত্থাপন করেন।
মঙ্গলবার চট্টগ্রামে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর তাঁর অনুসারীরা সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
ঢাবি শিক্ষার্থী সাব্বির উদ্দিন রিয়ন বলেন, “চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে তাঁর অনুসারীরা তাণ্ডব চালিয়েছে। চট্টগ্রামে তারা মসজিদে হামলা চালিয়ে আইনজীবীকে হত্যা করেছে। কেউ যদি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাদের অস্তিত্ব টিকতে দেওয়া হবে না।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করার দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির বলেন, “কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে আমরা তাদের বিষদাঁত ভেঙে ফেলব। তাদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে।”
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, “এখানে কোনো ধর্মীয় সংঘর্ষ নয়, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি, সনাতনী সম্প্রদায়কে ইসকনের কার্যক্রমের বিরোধিতা করার আহ্বান জানাই।”
চার দফা দাবি-
সমাবেশে শিক্ষার্থী আজিজুল হক সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন:
১. ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩. ইসকনের অর্থের উৎস চিহ্নিত করতে হবে।
৪. এসব বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং চক্রান্তকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জানান। বক্তারা সরকারের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এ দেশের ছাত্র সমাজ কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেবে না।”
এই সংঘর্ষ ও পরবর্তী প্রতিক্রিয়া বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের দাবি এবং এই ঘটনার যথাযথ তদন্ত এখন সময়ের দাবি।

