দীর্ঘ নয় বছর ধরে মিয়ানমারের জেনারেলরা বিশ্ববাসীকে একই গল্প শুনিয়ে এসেছেন। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে তাঁদের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছিলেন – এমনটাই দাবি ছিল তাঁদের। কিন্তু ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সেই যুক্তি টেকেনি।
ছয় বিচারপতির বিপরীতে নয় বিচারপতির সংখ্যাগরিষ্ঠতায় আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন। কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে আদালতের ইতিহাসে এটিই প্রথম এমন রায়।
বিচারকেরা স্বীকার করেছেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিরাপত্তাচৌকিগুলোতে হামলা চালিয়েছিল। কিন্তু হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা, ব্যাপক ধর্ষণ, শিশুদের ওপর সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গা গ্রামগুলো ধ্বংস করার ঘটনাকে শুধু বিদ্রোহ দমন অভিযানের অংশ হিসেবে যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করা যায় না।
আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। তাঁদের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা তার বিকল্প ব্যবস্থা করতে হবে। আর যেসব ক্ষতি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।
ওই নৃশংসতার সময় মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা এই সামরিক নেতা এমন একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যার মুখপাত্র ছয় বিচারপতির ভিন্নমতের যুক্তি দেখিয়ে রায়টিকে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো রোহিঙ্গাদের অবমাননাকরভাবে ‘বাঙালি’ বলে উল্লেখ করছে।
মিয়ানমার দোষী, কিন্তু রোহিঙ্গাদের ঘরে ফেরাবে কে?
মিয়ানমারের জেনারেলরা চান, বিশ্ববাসী যেন ভিন্নমত দেওয়া বিচারকদের সংখ্যা নিয়ে আলোচনা করে। অথচ যাঁদের ওপর তাঁরা নিপীড়ন চালিয়েছেন, সেই জনগোষ্ঠীর পরিচয়ই তাঁরা স্বীকার করতে রাজি নন।
কিন্তু এই রায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। রোহিঙ্গা পরিবারগুলো একসময় যেখানে বসবাস করত, সেই ভূখণ্ডে আদালতের নির্দেশ বাস্তবায়ন করবে কে?
এই প্রশ্নের একটি উত্তর রয়েছে আরাকান আর্মির (এএ) হাতে। মূলত জাতিগত রাখাইন জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত এই সশস্ত্র সংগঠনের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ) বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা শাসন করছে।
আরাকান আর্মির নেতা তোয়ান ম্রাত নাইংয়ের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নতুন নয়। ২০২২ সালেই তিনি বলেছিলেন, শরণার্থীদের নিজ দেশে ফেরার বিরোধিতা করেন না। ২০২৪ সালে নীতিগতভাবে নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পক্ষে অবস্থান জানান তিনি। এমনকি ২০২৬ সালের মে মাসেও রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির কথা বলেছেন।
কিন্তু নিরাপত্তা, হারানো সম্পত্তি ফেরত এবং সমান অধিকারের মতো কঠিন প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। আইসিজের রায় আরাকান আর্মিকে এখন সেই সুযোগ দিয়েছে, যার মাধ্যমে সংগঠনটি প্রমাণ করতে পারবে, নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কতটা সক্ষম।

পুরোনো কৌশল
রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যকার অবিশ্বাসকে মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরেছে। এরপর বেসামরিক মানুষের ওপর হামলাকে জাতি, ধর্ম ও মাতৃভূমি রক্ষার লড়াই হিসেবে উপস্থাপন করেছে। সশস্ত্র গোষ্ঠীর হামলাকে অজুহাত বানানো হয়েছে, আর তার মূল্য দিতে হয়েছে গ্রামের পর গ্রাম সাধারণ মানুষকে।
গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ মূল্যায়নের সময় আন্তর্জাতিক বিচার আদালত কয়েক দশকের বৈষম্যমূলক আইন ও রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যও বিবেচনায় নিয়েছেন।
সামরিক অভ্যুত্থানের পরও এই পুরোনো কৌশল টিকে রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষদের জোরপূর্বক নিয়োগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে। অন্যদিকে, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলোও আরাকান আর্মির বিরুদ্ধে লড়েছে। এতে বছরের পর বছর সহিংসতায় ক্ষতবিক্ষত দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে।
এর মূল্য এখনো দিতে হচ্ছে সাধারণ রোহিঙ্গা ও রাখাইন বেসামরিক মানুষকে।
তবে ২০১৭ সালের নৃশংসতা সংঘটিত হয়েছিল যেসব এলাকায়, তার অধিকাংশই এখন আর মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টিই আরাকান আর্মির নিয়ন্ত্রণে, যার মধ্যে মংডু ও বুথিডংও রয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকাও তাদের নিয়ন্ত্রণে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমার রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, আরাকান আর্মির জন্য সরাসরি নয়। কিন্তু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূখণ্ডে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরানো এবং তাঁদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য সেসব এলাকার বর্তমান শাসকদের সহযোগিতা প্রয়োজন হবে।
এত বড় এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা শাসনের অভিজ্ঞতায় আরাকান আর্মি তুলনামূলকভাবে নতুন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো নির্মূল অভিযানেও তারা অংশ নেয়নি। ফলে জেনারেলদের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তাদের সামনে রয়েছে। তবে তার অর্থ এই নয় যে নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা দায়মুক্তি পাবে।
রায় ঘোষণার পর আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বার্মিজ গণমাধ্যমকে বলেন, তাঁদের সংগঠন ‘সত্য ও ন্যায়বিচারের’ পক্ষে এবং রাখাইনের স্বার্থে কাজ করবে। তবে তাঁর বক্তব্যে প্রত্যাবাসন কিংবা জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে নতুন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা ছিল না।
অবশ্য কিছু আশাব্যঞ্জক অগ্রগতিও দেখা গেছে। ইউএলএ ও আরাকান আর্মির প্রশাসন স্থানীয় প্রশাসনিক ও পরামর্শমূলক দায়িত্বে মুসলিম বাসিন্দাদের অন্তর্ভুক্ত করেছে। এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে মংডুর একটি ঐতিহাসিক মসজিদ পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কিন্তু এসব পদক্ষেপ সমান অধিকার নিশ্চিত হওয়ার প্রমাণ নয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে নির্বিচার আটক, জোরপূর্বক নিয়োগ, যৌন সহিংসতা এবং সম্পত্তি দখল।
মানবাধিকার সংগঠনগুলোও রোহিঙ্গা বেসামরিক মানুষের ওপর আরাকান আর্মির সদস্যদের হামলা চালানোর অভিযোগ তুলেছে। তবে আরাকান আর্মি তাদের বাহিনীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছে।
আরাকান আর্মি যদি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে, তাহলে তাদের উচিত বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তকে স্বাগত জানানো। শুধু অভিযোগ অস্বীকার করে রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্তুষ্ট করা সম্ভব হবে না।
আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে তাদের সামনে। আরাকান আর্মি সাধারণত রোহিঙ্গাদের ‘মুসলিম’ হিসেবে উল্লেখ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। সংগঠনটির কয়েকজন নেতা ‘বাঙালি’ শব্দটিও ব্যবহার করেছেন। অর্থাৎ রোহিঙ্গাদের নিজেদের বেছে নেওয়া জাতিগত পরিচয়কে তাঁরা ধারাবাহিকভাবে স্বীকৃতি দেননি।
রোহিঙ্গা পরিচয় স্বীকার করলেই নাগরিকত্বের প্রশ্নের সমাধান হয়ে যাবে না। কিন্তু সেই পরিচয় অস্বীকার করার অর্থ এমন একটি বর্জনমূলক চর্চার পুনরাবৃত্তি, যা এই সংকটকে এত গভীরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

আরাকান আর্মি রাখাইনের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি পেতে চায়। কিন্তু শুধু সামরিক বিজয়ের মাধ্যমে সেই স্বীকৃতি অর্জন সম্ভব নয়। তাদের প্রমাণ করতে হবে, রাখাইন বৌদ্ধ, রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের শাসনের অধীনে বৈষম্য ও ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারে।
কোন পথে সমাধান সম্ভব
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেপিদোকে একমাত্র কার্যকর কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করার অবস্থান থেকে সরে আসা।
প্রত্যাবাসনের বিষয়ে সামরিক বাহিনী-সমর্থিত সরকার এবং আরাকান আর্মি—উভয়ের সঙ্গেই যোগাযোগের কথা বাংলাদেশ নিশ্চিত করেছে। ২০ নভেম্বর বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী রয়টার্সকে জানান, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরার একটি পথ তৈরি করতে চায় ঢাকা।
কিন্তু রাজনৈতিক সময়সীমা নির্ধারণ করলেই বাস্তব পরিস্থিতির পরিবর্তন ঘটে না।
যুদ্ধরত, বিমান হামলার শিকার এবং দারিদ্র্য ও বিধ্বস্ত অর্থনীতির সঙ্গে লড়াই করা একটি প্রশাসন আগামীকালই ১০ লাখের বেশি শরণার্থীকে গ্রহণ করতে পারবে—এমন প্রত্যাশা যুক্তিসংগত নয়।
একইভাবে, যুদ্ধ, স্থলমাইন, খাদ্যসংকট এবং চলাচলে বিধিনিষেধ বহাল থাকা অবস্থায় পরীক্ষামূলক প্রত্যাবাসনের নামে শরণার্থীদের ফেরত যেতে বাধ্য করা উচিত নয়। জাতিসংঘ বলেছে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একটি ব্যর্থ পরীক্ষামূলক প্রত্যাবাসন অবশিষ্ট সামান্য আস্থাটুকুও ধ্বংস করে দিতে পারে।
তবে আরাকান আর্মি চাইলে এখনই কিছু পদক্ষেপ নিতে পারে। রোহিঙ্গাদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাঁদের ঘরবাড়ি ও সম্পত্তি রক্ষা, স্বাধীন মানবিক পর্যবেক্ষণের সুযোগ দেওয়া এবং নিজেদের বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তকে স্বাগত জানানোর মাধ্যমে তারা সদিচ্ছার প্রমাণ দিতে পারে।
বাংলাদেশ, রোহিঙ্গা প্রতিনিধিরা, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার ভবিষ্যৎ প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়ে আরাকান আর্মির সঙ্গে কাজ করতে পারে। তবে শুরু থেকেই রোহিঙ্গা জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। অন্যদের মধ্যে আলোচনা করে চুক্তি সম্পন্ন হওয়ার পর রোহিঙ্গাদের সামনে তা হাজির করা চলবে না।
আরাকান আর্মি এককভাবে মিয়ানমারের নাগরিকত্ব দিতে পারে না। আবার কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারালেই মিয়ানমার রাষ্ট্রের আইনগত দায়দায়িত্ব শেষ হয়ে যায় না। কিন্তু আরাকান আর্মি রোহিঙ্গাদের পরিচয় স্বীকার করতে পারে, তাঁদের অধিকারকে সম্মান জানাতে পারে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার সদিচ্ছা প্রদর্শন করতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হলেই আরাকান আর্মি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যাবে, এমন নয়। তবে যাচাইযোগ্য পদক্ষেপের মাধ্যমে তারা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে।
দেরিতে সামনে আসার মধ্যেই আরাকান আর্মির প্রকৃত সুবিধা নিহিত রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর পুরোনো পদ্ধতিগুলো তাদের উত্তরাধিকার হিসেবে গ্রহণ করতে হবে না।
মিয়ানমারের জেনারেলরা রাখাইনের জনগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরির হাতিয়ার হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করেছিলেন। তোয়ান ম্রাত নাইং ইতিমধ্যে বলেছেন, তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পক্ষে। এখন আরাকান আর্মির সামনে সুযোগ এসেছে, তারা যে ভিন্নভাবে শাসন করতে পারে, তা প্রমাণ করার।
বৈধ শাসক হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি প্রতিষ্ঠার সূচনা হওয়া উচিত শরণার্থীদের দেশে ফেরানোর আরেকটি প্রতিশ্রুতি দিয়ে নয়; বরং যেসব রোহিঙ্গা কখনো নিজেদের ভূমি ছেড়ে যাননি, তাঁদের সঙ্গে আরাকান আর্মি কেমন আচরণ করছে, তার মধ্য দিয়ে।
- নেইন চান আয়ে, ওয়াশিংটন ডিসিভিত্তিক একজন সাংবাদিক। তিনি মিয়ানমার, চীন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক বিষয় নিয়ে লেখালেখি করেন। সূত্র: এশিয়া টাইমস

