জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ব্যক্তিগত পুলিশ কর্মকর্তা হিসেবে একসঙ্গে আটজনকে পাঠানো বাংলাদেশের জন্য নতুন রেকর্ড বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন। সোমবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে যাওয়া আট সদস্যের এই দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ঢাকা থেকে রওনা হওয়ার পর কর্মকর্তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছেছেন। সোমবার সেখান থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশে তাঁদের যাত্রা করার কথা রয়েছে।
দেশটিতে পৌঁছে তাঁরা জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন বা মিনুস্কায় (MINUSCA) যোগ দেবেন। এই মিশনের আওতায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নেবেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যক্তিগত পুলিশ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ থেকে একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তা পাঠানোর ঘটনা এটিই প্রথম।
পুলিশ সদর দপ্তর এই অংশগ্রহণকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের সম্পৃক্ততা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটির মতে, নতুন এই অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, কার্যক্রম পরিচালনার সক্ষমতা এবং দায়িত্ব পালনের অঙ্গীকার আরও দৃশ্যমান হবে।
পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

