ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা শিশুসহ সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের ধাক্কায় বাসটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

