কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী একটি চালান রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আনা এই পারমাণবিক জ্বালানি তিনটি বিশেষ লরিতে করে সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে লরিবহরটি যাত্রা শুরু করে। জ্বালানির নিরাপদ পরিবহন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ প্রতিক্রিয়া ব্যাটালিয়ন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পুরো যাত্রাপথে সম্ভাব্য ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।
প্রকল্পের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি পৃথক উড়োজাহাজে করে রূপপুরের জন্য ইউরেনিয়ামের আরও চালান বাংলাদেশে আসার কথা রয়েছে। এসব চালানে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম সংযোজনী পৌঁছানোর কথা রয়েছে।
জ্বালানিবাহী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছাবে। এরপর নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সেগুলো রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।

