বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত পুরো বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার বিদ্যুৎকেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ, যা কেন্দ্রটির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় ২০১০ সালে। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়।
চুক্তির ভিত্তিতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি গঠন করা হয়। যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের বর্তমান সর্বোচ্চ উৎপাদন জাতীয় বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

