অল্প সময়ের ব্যবধানে তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। কম্পন অনুভূত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায়।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর মাত্র এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পন দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। তুলনামূলক কম মাত্রার এই ভূমিকম্পের কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

