শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীদের সমাজসেবা অধিদপ্তরের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। পরে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে অনেককে মাথায় কাফনের কাপড় পরে থাকতে দেখা যায়।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, তাঁরা আর কোনো প্রতিশ্রুতি চান না। তাঁরা চান শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের বাস্তব সমাধান। তাঁর ভাষ্য, রাষ্ট্রের কাছে তাঁরা করুণা চান না, চান যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ।
সমাবেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষা নেওয়ার পরও বছরের পর বছর বেকার থাকা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য অত্যন্ত কষ্টকর। ন্যায্য অধিকার আদায়ে তাঁরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহনাজ আক্তার বলেন, তিনি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে এসেছেন। কারও করুণার পাত্র হয়ে থাকতে তিনি চান না। সামান্য ওষুধ কিনতেও বাবার কাছে টাকা চাইতে হয় বলে জানান তিনি।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দীর্ঘদিন ধরে বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করে আসছেন। ২০২৫ সালের নভেম্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে ২৫ দিন অবস্থান কর্মসূচিও পালন করেন তাঁরা। এ ছাড়া বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি হয়েছে।

