বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে অন্যত্র বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তারিকুল ওমরকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে বিআরটিসির বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর মধ্যে যোগদান না করলে ওই দিন তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
বিআরটিসি দেশের সরকারি গণপরিবহন সেবার প্রধান প্রতিষ্ঠান। ডিজেলচালিত বাসের বদলে বৈদ্যুতিক বাস চালুর মতো উদ্যোগ নিয়ে সংস্থাটি এখন পরিবর্তনের একটি ধাপে রয়েছে। নতুন চেয়ারম্যানের সামনে তাই বহর আধুনিকায়ন, সেবার মান বাড়ানো এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে। এখন নজর থাকবে, দায়িত্ব নেওয়ার পর তিনি সংস্থাটির কার্যক্রমে কী ধরনের পদক্ষেপ নেন।

