দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই কিনে সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরগুলোর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা বইগুলো হলো—
১. ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’
২. ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’
৩. ‘সবার আগে বাংলাদেশ’
জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বই তিনটির প্রতিটির একটি করে কপি কিনে সংশ্লিষ্ট গ্রন্থাগারে সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে এ নির্দেশনার সূত্র হিসেবে ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার গত ২৩ আগস্টের একটি চিঠির উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার অনুলিপি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বই কেনা ও সংরক্ষণের কথা বলা হলেও এ জন্য আলাদা কোনো বাজেট, নির্দিষ্ট অর্থ বরাদ্দ কিংবা বই কেনার বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করা হয়নি।
ফলে বই কেনার ব্যয় কীভাবে নির্বাহ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী পদ্ধতিতে বই সংগ্রহ করবে, সে বিষয়ে চিঠিতে স্পষ্ট নির্দেশনা নেই।
মন্ত্রণালয়ের এই নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারগুলোতে বই তিনটি সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

