ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। প্রয়োজনীয় শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে এগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার কথা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় কোচগুলো তৈরি করা হয়েছে। গত ১২ অক্টোবর সেগুলো বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। বাংলাদেশে প্রবেশের আগে কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট জংশন রেলস্টেশনে রাখা হয়েছিল।
তিনি জানান, ভারতের গেদে রেলস্টেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দর্শনার জয়নগর সীমান্তপথ দিয়ে চালানটি বাংলাদেশে প্রবেশ করে। শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কোচগুলো সীমান্ত অতিক্রম করে।
১৮টি কোচের চালানে রয়েছে তিনটি শীতাতপনিয়ন্ত্রিত শয়নকোচ, তিনটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ারকার, ১১টি সাধারণ চেয়ারকার এবং একটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ।
সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার পর কোচগুলোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি মূল্যায়ন করা হবে। এসব কাজ শেষ হলে যাত্রীবাহী ট্রেনের বহরে কোচগুলো যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান মামুনুর রশিদ।
নতুন কোচগুলো যাত্রীসেবায় যুক্ত হলে রেলপথে যাতায়াতের সুযোগ ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে কোচগুলো কোন কোন ট্রেনে এবং কবে থেকে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

