দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর বগুড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় স্বেচ্ছাসেবক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (BBCF)।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টার হলরুমে অনুষ্ঠিত BBCF-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. নাছির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কেন্দ্রীয় কমিটির সদস্য, পরিবেশকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. হাবিবুর রহমান এবং চায়না রেলওয়ে কোম্পানির পরিচালক আসমা আক্তার। এ ছাড়া বক্তব্য দেন ড. আবদুল ওয়াহাব, আবু সাঈদ, মো. শাহাব উদ্দিন মিলন, মো. জুয়েল রানা, দেলোয়ার জাহান, সোহানুর রহমান সবুজ, আহসান হাবীব তালুকদার রঞ্জু, বাচ্চু খলিফা, রবিন রহমান, রেজাউল করিম বাবুল, সাইমুম ফারাবী, ডা. মুজিব, আব্দুল খালেকসহ অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা। বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ, তরুণদের সম্পৃক্ততা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় সিদ্ধান্ত হয়, বগুড়ায় অনুষ্ঠেয় সম্মেলনে রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পাশাপাশি জাতীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনটি সমন্বিতভাবে আয়োজনের লক্ষ্যে বন অধিদপ্তর, বন্যপ্রাণী সংরক্ষণসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং বন, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে সভায় মতামত দেওয়া হয়। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ও কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সমন্বয় করা হবে।
সভায় আরও জানানো হয়, BBCF-এর সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে চলতি বছর দেশব্যাপী প্রায় আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে এসব বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। রোপণ করা চারার তথ্য সংগ্রহ ও যাচাই করে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বৃক্ষরোপণবিষয়ক ডেটাবেজে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (BBCF) দেশের বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কাজ করা ৩১৪টি সংগঠনকে নিয়ে গঠিত একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক সচেতনতা, তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে এর সহযোগী সংগঠনগুলো নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছে।
সভায় আসন্ন শুষ্ক ও শীত মৌসুমে বায়ুদূষণ, শব্দদূষণ, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য শোধনাগার (ETP) যথাযথভাবে পরিচালনার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে BBCF-এর সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। প্রয়োজন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে দেশের প্রাণ-প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ু সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে BBCF-এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মোল্লা রেজাউল করিম, সভাপতি ড. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান, নির্বাহী সম্পাদক মো. জুয়েল রানাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বগুড়ায় অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় স্বেচ্ছাসেবক সম্মেলন পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সমন্বয়, তরুণদের অংশগ্রহণ এবং দেশব্যাপী জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

