মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি।
বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা প্রসঙ্গে তাঁর প্রেস কর্মকর্তা বলেন, গতকাল শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর প্রচার করাকে তিনি বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন।
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেসব গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে, সেগুলোকে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

