সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শেরপুরের অসহায় বৃদ্ধ সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম আর নেই। দীর্ঘ প্রায় ছয় বছর শয্যাশায়ী থাকার পর গত ১৮ অক্টোবর ২০২৬, রবিবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের এই বৃদ্ধ দম্পতির করুণ জীবন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে মানুষের নজরে আসে। ভিডিওতে অসুস্থ স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে খাবারের জন্য মহান আল্লাহর কাছে আকুতি জানাতে দেখা যায় বৃদ্ধ সাজু শেখকে। তাঁদের অসহায়ত্ব ও দারিদ্র্যের চিত্র বহু মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের পাশে দাঁড়ান। সহায়তায় এগিয়ে আসে স্থানীয় প্রশাসনও। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন দীর্ঘদিন ধরে অসুস্থ নূরজাহান বেগম।
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল সাজু শেখ ও নূরজাহান বেগমের দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের। একসঙ্গে কাটানো দীর্ঘ জীবনের পর স্ত্রীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
গত ১৮ অক্টোবর বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে নূরজাহান বেগমকে দাফন করা হয়।

