সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘কড়া আলাপ’ শীর্ষক টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনার সময় আবেগের বশে তিনি বলেছিলেন, ‘এই পাপের লাশ বাংলাদেশে আসুক, আমি তা চাই না।’
তিনি স্বীকার করেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণভাবে বিষয়টি আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। এ কারণে নিজের বক্তব্যটি সম্পূর্ণ প্রত্যাহার করছেন বলেও জানান তিনি।
নিজের মন্তব্যের কারণে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এই সংসদ সদস্য। একই সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
পোস্টে কামরুজ্জামান রতন আরও লেখেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।

