কৃষি খাতের চাহিদা মেটাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে মোট ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। কৃষি খাতের ভর্তুকি বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে।
অনুমোদন অনুযায়ী, কাফকো থেকে ১৫১ কোটি ৩০ লাখ টাকায় ৩০ হাজার টন বস্তাবন্দি দানাদার ইউরিয়া সার কেনা হবে। অন্যদিকে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২১৩ কোটি ২৪ লাখ টাকায় ৪০ হাজার টন খোলা দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে।
সরকার ২০২৬–২৭ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ৩০ লাখ টন নির্ধারণ করেছে। কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের প্রয়োজন মেটানোর লক্ষ্যে সর্বশেষ এই ক্রয়প্রক্রিয়া নেওয়া হয়েছে।

