প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘অপেশাদার আচরণের’ অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে তিনি রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউসুফ আলীকে রাজশাহী ছাড়তে বলা হয়। পরে রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তবে তাকে বদলির প্রজ্ঞাপনে অপসারণের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের সময় ‘অপেশাদার আচরণ’ করার কারণে তাকে সরানো হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কর্মকর্তাদের হাত মেলানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দেন। এ ঘটনার পরই বিভাগীয় কমিশনারকে সরিয়ে দেওয়ার খবর সামনে আসে।
মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য দেন। জনসভা শেষে রাজশাহীর একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর শহর ছাড়তে আবার বিমানবন্দরে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর উড়োজাহাজ রাজশাহী ছেড়ে যায়।
২০২৬ সালের ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভাগীয় কমিশনারের পদ থেকে সরানো হলেন।

