নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
২৫ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান।
এর আগে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ঢাকা-দাম্মাম রুটের নির্ধারিত ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছিল। পাশাপাশি ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এই বিশেষ ব্যবস্থা ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীরা জেদ্দা অথবা মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

