গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ স্থানীয় সাদমা টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালান। পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশের লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
সাদমা টেক্সটাইল মিলের শ্রমিক মো. সুজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ৫০ থেকে ৬০ জন শ্রমিক কারখানার সামনে এসে ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে গিয়ে আন্দোলনে যোগ দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও আসছেন। পাশাপাশি কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

