খুলনার পশুর নদে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ১২০০ টন কয়লাবোঝাই একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা নয়জন নাবিকই প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। জাহাজটি বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে যাচ্ছিল। বিদেশি জাহাজটি মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নোঙর করা ছিল।
পশুর চ্যানেলের সুন্দরী কটকা এলাকায় পৌঁছানোর পর এমভি ফুলবাড়ীর সঙ্গে একটি তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়। এর পরপরই কয়লাবোঝাই জাহাজটি নদে ডুবে যায়।
জাহাজটির নাবিকেরা জানান, দুর্ঘটনার পর তাঁরা সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি পণ্যবাহী জাহাজে আশ্রয় নেন। এতে নয়জন নাবিকই নিরাপদে উদ্ধার হন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার জানিয়েছেন, দুর্ঘটনার পরও পশুর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ আছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটি উদ্ধারে এর মালিকপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

