রংপুর-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীগামী খান পরিবহনের একটি রাতের বাস ঢাকা থেকে যাওয়ার পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর হোসেন (৩৫), গোলাপী বেগম (৪৮) এবং বাসের সহকারী আপেল (২৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

