নিখোঁজ হওয়ার একদিন পর তুরাগ নদী থেকে অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকালে টঙ্গী বন্দর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কনস্টেবল মো. রাকিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের সঙ্গে থাকা মুঠোফোন ও হাতঘড়ি দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের পর আলোচনায় এসেছিলেন।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

