জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে টয়োটা মোটর করপোরেশনের মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এই সফরে তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং গাড়ি সংযোজনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা তুশো করপোরেশনের গতিশীলতা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রধান পরিচালন কর্মকর্তা শিনিচিরো ওতসুকাসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
জাপানের শিল্পপ্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। তবে এ সফরকে কেন্দ্র করে টয়োটার সঙ্গে বাংলাদেশের কোনো বিনিয়োগ চুক্তি বা নতুন সহযোগিতা ঘোষণার তথ্য প্রকাশ করা হয়নি।

