টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইনের সংকেত ও দিক পরিবর্তন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার সোহেল রানা জানান, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগি স্টেশনের কাছাকাছি এসে লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় রেললাইনের দিক পরিবর্তন ও সংকেত নিয়ন্ত্রণে ব্যবহৃত ‘ব্লক পয়েন্ট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সকাল ১১টার দিকে সোহেল রানা জানান, লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।
তবে মেরামত শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত করা যায়নি। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেলপথে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

