রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে সরকার। এই উদ্যোগের আওতায় ঢাকার বর্তমান ৯৮টি রুটকে ৩২টি সমন্বিত রুটে নামিয়ে আনা হচ্ছে। প্রথম ধাপে আজ রোববার ১ নভেম্বর ছয়টি রুটে নতুন ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) তাদের বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে এটি বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষের আশা, নতুন ব্যবস্থায় একই সড়কে বিভিন্ন কোম্পানির বাসের যাত্রী ধরার প্রতিযোগিতা কমবে। নির্ধারিত স্টপেজে বাস থামবে, সেবার মান বাড়বে এবং যানজট নিয়ন্ত্রণেও সুফল মিলবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি রুটে একটিমাত্র কোম্পানির অধীনে বাস চলাচলের বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে যত্রতত্র বাস থামানো, যাত্রী নিয়ে প্রতিযোগিতা ও একই পথে অতিরিক্ত বাস চলা নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, গণপরিবহনের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতেই এ উদ্যোগ। যাত্রীদের যাতায়াতের চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে ৯৮টি রুটকে ৩২টিতে আনার পরিকল্পনা করা হয়েছে।
ডিটিসিএ সূত্র জানায়, পরিকল্পনা চূড়ান্ত করতে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে জরিপ চালানো হয়েছে। ৯৮টি সচল রুটের প্রতিটিতে ১৮টি ট্রিপে যাত্রী ওঠানামা পর্যবেক্ষণ করে ১০ হাজারের বেশি যাত্রীর তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া ৩৫ হাজারের বেশি যাত্রীর যাত্রা শুরুর স্থান ও গন্তব্য নিয়ে জরিপ হয়েছে।
নগরীর ৭২টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ৭২ ঘণ্টা যানবাহন গণনা করা হয়। প্রায় ৪০০ কিলোমিটার বাস নেটওয়ার্কের অবকাঠামোগত অবস্থাও পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য সফটওয়্যারে বিশ্লেষণ করে নতুন রুটের নকশা তৈরি হয়েছে। ডিটিসিএর হিসাবে, প্রস্তাবিত ৩২টি রুটে প্রতিদিন প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রী চলাচল করতে পারবেন।
প্রথম ধাপে যে ছয়টি রুটে কার্যক্রম শুরু হচ্ছে, সেগুলো হলো:
- গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে ঢাকেশ্বরী মন্দির
- মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুলকুটিয়া
- মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার
- ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড-কাঁচপুর ব্রিজ
- ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ
- টঙ্গী কলেজগেট থেকে ঢাকেশ্বরী মন্দির
এসব রুটে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস চালানোর পরিকল্পনা আছে। এর বাইরে টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার পথে ২০টি এসি বাস চালুর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি চক্রাকার বাস সার্ভিস চালুর উদ্যোগ রয়েছে, যেগুলোর প্রতিটিতে ২০টি করে বাস চলার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা নতুন নয়। ২০১১ সালে প্রথম উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। ২০১৯ সালে ডিটিসিএ নতুন করে পরিকল্পনার কাজ শুরু করে। তখন ৪২টি রুটের প্রস্তাব ছিল। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ, দুই সিটি করপোরেশন এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনার পর ৩২টি রুট চূড়ান্ত করা হয়।
পরিকল্পনায় ঢাকা চাকা, রমজান আলী এন্টারপ্রাইজ, ফোর স্টার বাস লাইন ও পিএনপি সিটি সার্ভিসসহ কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানের নাম রয়েছে। বাস রাখার জন্য বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গা নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধাপে ধাপে ৩২টি রুট চালু হলে গণপরিবহনের বিশৃঙ্খলা কমবে। যাত্রীরা নির্ধারিত স্টপেজ থেকে বাসে উঠতে-নামতে পারবেন এবং বাসের অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা কমে যানজট নিরসনে সহায়ক হবে।

