দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিক্রি কমে যাওয়া, ব্যবসায়িক ক্ষতি এবং বিপুলসংখ্যক কর্মীর জীবিকা বিবেচনায় নিয়ে দোকান খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির মাধ্যমে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মো. নজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
দোকান মালিক সমিতির দাবি, বর্তমানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার উপস্থিতি কম। এর ফলে ব্যবসা-বাণিজ্যে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে। বাধ্যতামূলকভাবে রাত ৮টায় দোকান বন্ধ করতে হওয়ায় বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়ছে। কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে।
সংগঠনটি জানিয়েছে, এ পরিস্থিতির প্রভাব শুধু দোকান মালিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক কর্মীর জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়ছে।
দোকান মালিক সমিতির হিসাব অনুযায়ী, দেশে প্রায় ৭০ লাখ দোকান মালিক এবং ২ কোটি ৫০ লাখ কর্মচারী এ খাতের ওপর নির্ভরশীল। ফলে দোকান খোলা রাখার সময়সীমা কমে যাওয়ায় তাঁদের আয় ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে সংগঠনটি।
এ বিষয়ে গত ১ নভেম্বর সংগঠনটির স্থায়ী কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী ও কর্মচারীদের জীবিকা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
দোকান মালিক সমিতির মতে, দোকান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হলে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হতে সহায়তা করবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লোকসান কমবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সুরক্ষিত থাকবে।
এ অবস্থায় ব্যবসায়ীদের সংকট বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

