রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। তবে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান। তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করে রাখা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।
এসআই হাসান রহমান বলেন, বাসের চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা বাসটি সেখানে পার্কিং করে খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

