বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর জেরে মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে গেছে। এই দুটি স্টেশনে মেট্রোরেল এখন থামছে না। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত আছে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক রয়েছে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর স্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সব গেট বন্ধ রাখা হয়েছে। ফলে ওই দুই স্টেশনে কোনো যাত্রী ঢুকতে পারছেন না। ট্রেন না থামায় সেখানে যাত্রীরা নামতেও পারছেন না।
সকাল ১০টার কিছু পরে পোশাকশ্রমিকেরা আবারও রাস্তায় নামেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে দেন। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রোরেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।
এর আগে গত রোববারও কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুই ঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয়েছিল। ডিএমটিসিএল এটিকে স্টেশন ‘স্কিপ’ করা বলে উল্লেখ করছে, অর্থাৎ মেট্রোরেল চলাচল করবে, তবে নির্দিষ্ট স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

