ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রোববার দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত সড়ক। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব সড়ক ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহন করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

