ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে।
সংক্ষিপ্ত এ অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেতে পারে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনটি মোট আট কার্যদিবস চলতে পারে।
রোববার বিকেলে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার মতো নিয়মিত কার্যক্রমও থাকবে।
তবে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকায় বিষয় দুটি অধিবেশনে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসতে পারে। যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।
এদিকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়।

