২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক আবেদন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা তিনি আগে জানিয়েছিলেন, নতুন এই উদ্যোগকে তারই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক আদালত শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন সম্পর্কে জানতে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশে একাধিক মেয়াদে মোট ২০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তাঁর ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে অবস্থান করছেন।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দেশের জনগণের একটি অংশের মধ্যে শেখ হাসিনার সমর্থন রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার যখন স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতির জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন গৃহীত হবে কি না এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত কবে দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

