নড়াইলের কাজলা নদীতে জমে উঠেছিল জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন। ঢাকঢোল আর গানের তালে নারীদের বৈঠা চালানো দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো নারী-পুরুষ।
নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজন করে।
বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা। এ ছাড়া ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় হাতিয়ারার ববিতা সরকারের নৌকা, তৃতীয় রীনা বিশ্বাসের নৌকা এবং চতুর্থ স্থান পায় মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা। সন্ধ্যায় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

