সরকারি ক্রয়ব্যবস্থা, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশগুলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সংসদ অধিবেশনে সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুসরণ করে অধ্যাদেশ তিনটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো হলো সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
অধ্যাদেশগুলো উত্থাপনের পর বিরোধী দল জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান এগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে হবে।
জবাবে আইনমন্ত্রী জানান, সংবিধানের বাধ্যবাধকতা মেনেই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা পরবর্তী সময়ে এগুলোকে আইনে রূপ দিতে বিল আকারে সংসদে উপস্থাপন করবেন।
সরকারি ক্রয়সংক্রান্ত অধ্যাদেশের মাধ্যমে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর বিভিন্ন ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্য সমান সুযোগ এবং উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করাই এ সংশোধনীর অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কসংক্রান্ত অধ্যাদেশে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার আগের বিধান পুনরায় চালু করা হয়েছে।
এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করা। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপনের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

