বিশ্বের মোট কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য দেশটিকে বিপুল পরিমাণ ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে অনুদানের পরিবর্তে ঋণের প্রাধান্য বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের আর্থিক চাপ আরও বাড়িয়ে তুলছে।
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের (সিআই) সাম্প্রতিক এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে পাওয়া জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই এসেছে ঋণ হিসেবে। বিপরীতে অনুদানের পরিমাণ ছিল মাত্র ৮ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, ওই সময়ে বাংলাদেশের জ্বালানি খাতে প্রায় ২৫৪ কোটি মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৩৪ কোটি ডলার এসেছে ঋণ হিসেবে। আর অনুদান পাওয়া গেছে মাত্র ২০ কোটি ৩০ লাখ ডলার। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশকে নতুন ঋণের দায় নিতে হচ্ছে।
চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, যেসব দেশ জলবায়ু সংকট তৈরিতে খুব সামান্য ভূমিকা রেখেছে, সেসব দেশকেই এখন সংকট মোকাবিলায় ঋণ নিতে হচ্ছে। তাঁর মতে, জলবায়ু অর্থায়নের নামে নতুন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। এতে জলবায়ু ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক ঝুঁকিও বাড়ছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখনো সীমিত। চলতি বছরের ২২ জুলাই প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, দেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মাত্র ১ দশমিক ৫ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। অথচ নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতের অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
এই লক্ষ্য অর্জনে প্রয়োজন বিপুল বিনিয়োগ। জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসির তৃতীয় সংস্করণের প্রশমন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ১১ হাজার ৬১৮ কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৯ হাজার ২৩ কোটি ডলারের অর্থায়ন আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।
অন্যদিকে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩–২০৫০ বাস্তবায়নে প্রয়োজন হবে ২৩ হাজার কোটি ডলারের বেশি। এই পরিকল্পনায় দেশের ১১টি জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে ১১৩টি বড় ধরনের উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনীয় অর্থের প্রায় তিন-চতুর্থাংশ ২০৪০ সালের মধ্যেই ব্যয় করতে হবে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে উপকূলীয় পোল্ডার ব্যবস্থাপনা, সমুদ্রবাঁধ নির্মাণ এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি।
গবেষণায় বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও বৈশ্বিক কার্বন নিঃসরণে অবদানের মধ্যে বড় বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে বিশ্বে প্রায় ৩ হাজার ৮৬০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এর মধ্যে বাংলাদেশের নিঃসরণ ছিল প্রায় ১০ কোটি ৮০ লাখ টন। গবেষণায় বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অংশ প্রায় শূন্য দশমিক ২৪ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি ও শিল্প খাত থেকে ঐতিহাসিক মোট কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান আরও কম, মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ।
গবেষকদের মতে, বৈশ্বিক জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান সীমিত হলেও দেশটি এর ক্ষতিকর প্রভাবের মুখোমুখি হচ্ছে। এ কারণে জলবায়ু অর্থায়নে নতুন ঋণের পরিবর্তে অনুদান, ন্যায়সংগত সহায়তা এবং টেকসই বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের প্রধান ঋণদাতাদের মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং জার্মানির কেএফডব্লিউ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস এবং বিভিন্ন দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান অনুদান সহায়তা দিয়ে আসছে।
কিছু প্রকল্পে ঋণ ও অনুদান একসঙ্গে দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচিতে ৩৫ কোটি ইউরো ঋণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ৪ কোটি ৫০ লাখ ইউরো অনুদানের ব্যবস্থা রয়েছে।
তবে চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহীর মতে, অর্থায়ন কোন প্রতিষ্ঠান থেকে আসছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থায়নের শর্ত দেশের ঋণের বোঝা বাড়াচ্ছে কি না এবং সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করছে কি না।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. মোয়াজ্জেম হোসেন বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অনুদানভিত্তিক অর্থায়ন পাওয়া উচিত। তবে পর্যাপ্ত অনুদান পাওয়া না গেলে ঋণের পরিবর্তে যৌথ বিনিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। এতে সরকারের সরাসরি ঋণের দায় বাড়ানোর ঝুঁকি কমানো সম্ভব। তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহজ শর্তের ঋণ গ্রহণও জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা বজায় রাখার তুলনায় ভালো বিকল্প হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে বছরে নিঃসৃত প্রতি টন কার্বন ডাই-অক্সাইডের বিপরীতে প্রায় ২৯ দশমিক ৫২ ডলারের সমপরিমাণ ঋণ গ্রহণ করছে। স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে তুলনামূলক গড় পরিমাণ ৩০ দশমিক ৪৯ ডলার।
এদিকে তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ৩১-এ জলবায়ু অর্থায়নের বিষয়টি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান উন্নয়নশীল দেশগুলোকে শর্তহীন অনুদান, জলবায়ুসংশ্লিষ্ট ঋণমুক্তি, অর্থায়নের স্বচ্ছ হিসাব এবং রাষ্ট্রীয় ঋণের বোঝা না বাড়িয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জোরালো করার আহ্বান জানিয়েছেন।
তাঁর মতে, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শুধু দেশের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস নয়, জলবায়ু ঝুঁকির মাত্রাকেও গুরুত্ব দিতে হবে। জলবায়ু অর্থায়নকে দান নয়, আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহায়তার দাবি জানাবে।
তুরস্কে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় এমন অর্থায়ন প্রয়োজন, যা দেশের ঋণের বোঝা বাড়াবে না। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ পাওয়ার আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবিও তুলে ধরবে বাংলাদেশ।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হলে তাদের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য তাই শুধু অর্থায়নের পরিমাণ বাড়ানো যথেষ্ট নয়। অর্থায়নের ধরন, ঋণের শর্ত এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রভাবও বিবেচনায় নিতে হবে।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে, জলবায়ু সংকট মোকাবিলার অর্থায়ন যেন নতুন ঋণের বোঝা তৈরি না করে, বরং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন ও টেকসই উন্নয়নে কার্যকর সহায়তা নিশ্চিত করে।

