Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘বাংলা এআই’ মডেল গড়তে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চাইল বাংলাদেশ
    বাংলাদেশ

    ‘বাংলা এআই’ মডেল গড়তে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চাইল বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির পথে হাঁটছে বাংলাদেশ। বাংলা ভাষার জন্য আলাদা এআই মডেল গড়তে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫০ মিলিয়ন ডলারের একটি কর্মসূচির অর্থায়ন চাওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়াও এ কর্মসূচিতে অর্থায়ন করতে পারে বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সেখানে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাও যাচাই করা হয়।

    এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, এডিবি ও সরকার ২৫০ মিলিয়ন ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। এতে এআই, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ভিলেজ অন্তর্ভুক্ত রয়েছে। চলমান আলোচনা এবং অর্থমন্ত্রীর সাম্প্রতিক কোরিয়া সফরের ধারাবাহিকতায় এসব বিষয়ে কাজ এগোচ্ছে।

    ঝাং বলেন, অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে, সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে। সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতির কাজ ইতিমধ্যে এগিয়েছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য ঠিক করেছে এডিবি।

    এআই ও প্রযুক্তি ভিলেজের ক্ষেত্রে কয়েক ধাপে বিনিয়োগ হতে পারে। তবে তার আগে কারিগরি সমীক্ষা ও প্রকল্পের প্রস্তুতি শেষ করতে হবে। সম্ভাব্য কোরীয় অংশীদারদের সঙ্গেও আলোচনা বাকি আছে। পুরো কর্মসূচি কবে অনুমোদন পাবে, তা এখনো নির্ধারিত হয়নি। প্রকল্প কতটা প্রস্তুত, তার ওপর অনুমোদনের সময় নির্ভর করবে। এ ক্ষেত্রে সরকার ও এডিবির অনুমোদন প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

    প্রস্তাবিত বিনিয়োগের ভিত্তি তৈরি হয়েছে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি নিয়ে এডিবির চলমান কারিগরি সহায়তা থেকে। এর আওতায় সম্ভাব্যতা যাচাই চলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রকল্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    ঝাং জানান, এ বিষয়ে কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (কেক্সিম) আগ্রহ দেখিয়েছে। ফলে যৌথ অর্থায়নের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। এডিবি ও কোরিয়ার মধ্যে বিদ্যমান একটি কাঠামোর আওতায় ২০২৭ সাল পর্যন্ত যৌথ অর্থায়নের কর্মসূচি রয়েছে। এতে সরকারি পর্যায়ের প্রকল্পে অর্থায়নের সুযোগ আছে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতও এর আওতায় পড়ে। তবে বাংলাদেশে প্রস্তাবিত এআইসংশ্লিষ্ট বিনিয়োগে অর্থায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

    সিউলের বৈঠকে আরও কয়েকটি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত হয়েছে বলে জানান এডিবির এই কর্মকর্তা। তাঁর মতে, দক্ষিণ কোরিয়ার এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআইয়ের সঙ্গে অংশীদারত্বের সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষার মডেল তৈরি করা যেতে পারে। এআই চালানোর জন্য কম্পিউটিং সক্ষমতাও বাড়ানো সম্ভব। পাশাপাশি দেশের বিদ্যমান ডেটা সেন্টার উন্নত করা বা সেগুলো নতুন কাজে লাগানোর সুযোগও তৈরি হতে পারে।

    বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য একটি স্বতন্ত্র বৃহৎ ভাষা মডেল বা এলএলএম তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে এলজি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলজি এআই রিসার্চের তৈরি আঞ্চলিক ভাষার মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় এসেছে। এআইয়ের কাজ কম খরচে ও কম বিদ্যুৎ ব্যবহার করে করা নিয়েও কথা হয়েছে। এ জন্য ফুরিওসাএআইয়ের তৈরি বিশেষায়িত চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করেছে প্রতিনিধি দল। ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো গড়া এবং চালানোর ক্ষেত্রে নাভারের অভিজ্ঞতাও কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।

    প্রস্তাবিত নিজস্ব এআই মডেলের লক্ষ্য সরকারি ও বেসরকারি, দুই খাতেই তথ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো। ঝাংয়ের ভাষ্য, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তৈরি এআই স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার মান বাড়াতে পারে। ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও দক্ষ করতেও এটি সহায়ক হতে পারে। উৎপাদন, পণ্য পরিবহন ও বাজারে প্রবেশের ক্ষেত্রেও এআই কাজে লাগানো সম্ভব।

    তিনি বলেন, কোরীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি ভিলেজের মধ্যে অংশীদারত্ব গড়ে উঠলে ব্যবহারিক প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়বে। নতুন ব্যবসা উদ্যোগ গড়তেও সহায়তা মিলবে। ফলে তৈরি পোশাকের বাইরে উচ্চ মূল্য সংযোজনের খাতেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে যাওয়ার পথ খুলবে। এ ধরনের সহযোগিতায় সাইবার নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সক্ষমতাও বাড়বে।

    এডিবির ‘সেন্টার ফর এআই ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ কোরিয়ার সহায়তায় এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ঝাং। প্রতিষ্ঠানটি কারিগরি জ্ঞান ও প্রকল্প পরিকল্পনায় সহায়তা দিতে পারে, দক্ষ জনবল গড়তেও অবদান রাখতে পারে। তিনি বলেন, তাঁদের লক্ষ্য বাংলাদেশে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি করা। এ জন্য অবকাঠামো ও প্রযুক্তির সঙ্গে স্থানীয় দক্ষতা, প্রতিষ্ঠান এবং মানুষ ও ব্যবসার কাজে লাগে এমন ব্যবহারিক প্রয়োগের সংযোগ ঘটাতে হবে। তাঁর মতে, কোরিয়ার প্রযুক্তি, শিল্প খাতের অভিজ্ঞতা ও অর্থায়ন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং ডিজিটাল উন্নয়নের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারে। এতে উৎপাদনশীলতা বাড়বে, দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং অর্থনীতি আরও বহুমুখী হবে।

    এডিবির কর্মকর্তারা সিউল সফরকে বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগে বিনিয়োগ আকর্ষণের প্রথম আন্তর্জাতিক প্রচার কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কোরিয়ার অর্থায়ন, প্রযুক্তি ও শিল্প খাতের সক্ষমতার সংযোগ ঘটানোর চেষ্টা হয়েছে।

    সরকারি মালিকানাধীন এই উদ্যোগে এডিবির সহায়তা রয়েছে। এর লক্ষ্য যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, নানা ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ। উদ্যোগটিতে ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে। এর মধ্যে পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে আরও বিনিয়োগ আনার লক্ষ্য রয়েছে।

    এডিবির কর্মকর্তারা বলেন, উদ্যোগ সফল করতে দ্বিপক্ষীয় অংশীদার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে সিউলের বৈঠকগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে, বিশেষ করে এআই নিয়ে আলোচনাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

    নভেম্বর 19, 2026
    ব্যাংক

    সুদের ব্যবধানের সীমা মানছে না ৬১ ব্যাংকের ৫৫টি

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.