ব্যাংকঋণের ব্যয় কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে গতি আনার উদ্যোগ থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৫টিই ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান নির্ধারিত সীমার ওপরে রেখেছে। এতে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর ঋণ নেওয়ার খরচ কমছে না।
ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশীয় পয়েন্টে রাখার নির্দেশনা দেওয়ার প্রায় তিন মাস পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে মাত্র ছয়টি ব্যাংক এ নির্দেশনা মেনে চলেছে। তবে এ হিসাবের বাইরে রাখা হয়েছে ক্রেডিট কার্ড ও ভোক্তা অর্থায়নের ঋণ।
সেপ্টেম্বরে ব্যাংক খাতের গড় সুদের ব্যবধান দাঁড়িয়েছে ৫ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্টে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে এটি ১ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট বেশি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ব্যাংকগুলোর আমানতের ভারিত গড় সুদের হার ছিল ৬ দশমিক ০৯ শতাংশ। বিপরীতে ঋণের ভারিত গড় সুদের হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। ফলে দুই হারের ব্যবধান দাঁড়ায় ৫ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট।
আগস্টে এই ব্যবধান ছিল ৫ দশমিক ৬৭ শতাংশীয় পয়েন্ট, জুলাইয়ে ৫ দশমিক ৬০ এবং জুনে ৫ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট। জুলাইয়ে সামান্য কমলেও পরবর্তী দুই মাসে ব্যবধান আবার বেড়েছে। এতে বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও অধিকাংশ ব্যাংক সুদের হার সমন্বয়ে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি।
গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ঋণ ও আমানতের ভারিত গড় সুদের হারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশীয় পয়েন্টে রাখার নির্দেশ দেয়। ক্রেডিট কার্ড ও ভোক্তা অর্থায়নের ঋণ এ নির্দেশনার বাইরে রাখা হয়।
এর আগে ঋণের সুদের হার আমানতের তুলনায় দ্রুত বাড়তে থাকায় ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতে অর্থায়নের ব্যয় বেড়ে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছিল। এতে বিনিয়োগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সুদের ব্যবধান সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে এ শ্রেণির ব্যাংকগুলোর গড় ব্যবধান ছিল ৮ দশমিক ১৯ শতাংশীয় পয়েন্ট। বাংলাদেশে কার্যরত নয়টি বিদেশি ব্যাংকের সবকটিই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান ছিল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের, ৯ দশমিক ৭৯ শতাংশীয় পয়েন্ট। এরপর রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ৯ দশমিক ১৯; স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ৭ দশমিক ৯৬; সিটি ব্যাংক এনএ, ৬ দশমিক ৯৭; উরি ব্যাংক, ৬ দশমিক ৮৩ এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ৬ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।
এইচএসবিসির ব্যবধান ছিল ৬ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে ব্যাংক আল-ফালাহর ৫ দশমিক ৪৯ এবং হাবিব ব্যাংকের ৫ দশমিক ৪১ শতাংশীয় পয়েন্ট।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর গড় সুদের ব্যবধান সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট। এ শ্রেণির ৪৩টি ব্যাংকের মধ্যে ৪০টিই নির্ধারিত সীমার বাইরে ছিল।
এসব ব্যাংকের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবধান সর্বোচ্চ ৯ দশমিক ৭৮ শতাংশীয় পয়েন্ট। এরপর আইসিবি ইসলামী ব্যাংকের ৯ দশমিক ০৭, ডাচ্-বাংলা ব্যাংকের ৮ দশমিক ৭০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৩ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবধান ছিল ৭ দশমিক ১১ শতাংশীয় পয়েন্ট। কমিউনিটি ব্যাংকের ৬ দশমিক ৬৪ এবং ন্যাশনাল ব্যাংকের ৬ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট।
তবে কয়েকটি বেসরকারি ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। এ শ্রেণিতে সবচেয়ে কম ব্যবধান ছিল এবি ব্যাংকের, মাত্র ০ দশমিক ৪৫ শতাংশীয় পয়েন্ট। মেঘনা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবধান যথাক্রমে ৩ দশমিক ৭০ ও ৩ দশমিক ৭৮ শতাংশীয় পয়েন্ট।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। সেপ্টেম্বরে এ শ্রেণির ব্যাংকগুলোর গড় সুদের ব্যবধান ছিল ৫ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট। ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটিই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের ব্যবধান সবচেয়ে বেশি, ৫ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্ট। জনতা ব্যাংকের ৫ দশমিক ২০, অগ্রণী ব্যাংকের ৫ দশমিক ০৩, রূপালী ব্যাংকের ৪ দশমিক ৪৩ এবং বেসিক ব্যাংকের ৪ দশমিক ২২ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ শ্রেণির ব্যাংকগুলোর গড় ব্যবধান ৩ দশমিক ৮৫ শতাংশীয় পয়েন্ট, যা নির্ধারিত সীমার মধ্যে।
বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক ঋণের সুদের হার নির্ধারণের পদ্ধতিতে যাওয়ার পর ব্যাংকগুলোর সুদের ব্যবধান নিয়ন্ত্রণে নতুন করে উদ্যোগ নেয়।
২০২৩ সালের ১৯ জুন কেন্দ্রীয় ব্যাংক ছয় মাসের চলমান গড় ট্রেজারি বিল সুদের হারভিত্তিক পদ্ধতি চালু করে। এ ব্যবস্থায় ছয় মাসের ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে নির্ধারিত মুনাফা যোগ করে ঋণের সুদের হার নির্ধারণ করা হতো।
একই বছরের ২৯ নভেম্বর ঋণ ও আমানতের সুদের ব্যবধানসংক্রান্ত আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। পরে ২০২৪ সালের ৮ মে ছয় মাসের চলমান গড় ট্রেজারি বিল সুদের হারভিত্তিক পদ্ধতিও বাতিল করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নির্দিষ্ট ব্যবধানের সীমা ছাড়াই বাজারভিত্তিকভাবে ঋণের সুদের হার নির্ধারণের সুযোগ পায়।
এর পর অনেক ব্যাংক আমানতের সুদের তুলনায় ঋণের সুদের হার দ্রুত বাড়ায়। এতে ঋণ ও আমানতের সুদের ব্যবধান আরও বিস্তৃত হয় এবং ব্যবসায়িক অর্থায়নের ব্যয় বেড়ে যায়। বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা থেকে কেন্দ্রীয় ব্যাংক আবারও সর্বোচ্চ ৪ শতাংশীয় পয়েন্ট ব্যবধানের সীমা নির্ধারণ করে।
তবে ব্যাংকারদের একাংশ মনে করেন, সব ব্যাংকের জন্য একই সীমা কার্যকর করা কঠিন। কারণ, ব্যাংকভেদে তহবিল সংগ্রহের ব্যয় ও আর্থিক সক্ষমতায় পার্থক্য রয়েছে। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো আমানত সংগ্রহের জন্য তুলনামূলক বেশি সুদ দিতে বাধ্য হয়। এতে তাদের তহবিল সংগ্রহের খরচ বেড়ে যায়।
এ অবস্থায় ঋণের সুদের হার কমিয়ে নির্ধারিত সীমার মধ্যে ব্যবধান রাখতে গেলে এসব ব্যাংকের মুনাফা ও আর্থিক স্থিতিশীলতার ওপর আরও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।
তবে ঋণের ব্যয় নিয়ন্ত্রণে না এলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংকঋণের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো উচ্চ সুদের কারণে আরও চাপে পড়তে পারে।

