ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণকে ঘুষ হিসেবে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, উপহারের আড়ালে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করতে পারে প্রতিমন্ত্রীর এমন মন্তব্য।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে টিআইবি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে তিনি বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের মুনাফা থেকে প্রকৌশলীকে উপহার দেওয়া হলে সেটিকে ঘুষ বলা যাবে না এবং তা গ্রহণেও বাধা নেই।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছে টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের বিনিময়ে একজন প্রকৌশলী ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবেন কেন?
তিনি মনে করেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবি ও গ্রহণের প্রবণতাকে উৎসাহিত করতে পারে। এর ফলে দুর্নীতির বিস্তার ঘটার আশঙ্কাও রয়েছে।
ইফতেখারুজ্জামান আরও প্রশ্ন তোলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধানের বিষয়টি সবার সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

