বিশ্বে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে চীন। ২০২৫ সালে দেশটি ১০ হাজার ৫৭৯ দশমিক ৭ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর তৃতীয় স্থানে রয়েছে প্রতিবেশী ভারত। বিশ্বের ২০০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬তম।
আন্তর্জাতিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এম্বারের তথ্যের ভিত্তিতে তৈরি ডেটাস্ট্যাটসের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ মোট ১০৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। আগের বছর দেশে উৎপাদনের পরিমাণ ছিল ১০১ দশমিক ৭ টেরাওয়াট-ঘণ্টা। সে হিসাবে এক বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ।
বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে চীনের সঙ্গে অন্য দেশগুলোর ব্যবধান অনেক বেশি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র উৎপাদন করেছে ৪ হাজার ৫১৯ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। একই সময়ে ভারতের উৎপাদন ছিল ২ হাজার ৮১ দশমিক ৬ টেরাওয়াট-ঘণ্টা।
অর্থাৎ চীন একাই যুক্তরাষ্ট্রের দ্বিগুণের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বাংলাদেশের তুলনায় দেশটির বিদ্যুৎ উৎপাদন প্রায় ১০২ গুণ। অন্যদিকে ভারতের উৎপাদন বাংলাদেশের প্রায় ২০ গুণ।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ২০২৫ সালে দেশটির বিদ্যুৎ উৎপাদন ছিল ১ হাজার ১৯২ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা। পঞ্চম স্থানে থাকা জাপান উৎপাদন করেছে ১ হাজার ২৯ দশমিক ৯ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ।
এরপর ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির বিদ্যুৎ উৎপাদন ছিল ৭৫০ দশমিক ৫ টেরাওয়াট-ঘণ্টা। সপ্তম স্থানে থাকা কানাডার উৎপাদন ৬৫২ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টা।
অষ্টম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি উৎপাদন করেছে ৬২৪ দশমিক ৭ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। নবম স্থানে থাকা ফ্রান্সের উৎপাদন ছিল ৫৭০ দশমিক ২ টেরাওয়াট-ঘণ্টা। আর দশম অবস্থানে থাকা জার্মানি উৎপাদন করেছে ৫০০ দশমিক ৫ টেরাওয়াট-ঘণ্টা।
শীর্ষ দশের বাইরে থাকা দেশগুলোর মধ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৯৫ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা। একই সময়ে মেক্সিকো ৩৫৭, তুরস্ক ৩৫৩ দশমিক ৯ এবং ভিয়েতনাম ৩১০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। যুক্তরাজ্যের উৎপাদন ছিল ২৯২ দশমিক ৩ টেরাওয়াট-ঘণ্টা।
এক দশকে বাংলাদেশের উৎপাদন বেড়েছে ৭৪ শতাংশ
বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও গত এক দশকে দেশে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০১৫ সালে বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৫৯ দশমিক ৩ টেরাওয়াট-ঘণ্টা। ২০২৫ সালে তা বেড়ে ১০৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে।
অর্থাৎ ১০ বছরের ব্যবধানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। এই সময়ে উৎপাদনের পরিমাণ বেড়েছে ৪৪ দশমিক ১ টেরাওয়াট-ঘণ্টা।
তবে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়লেও গত এক বছরে প্রবৃদ্ধি তুলনামূলক কম ছিল। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে উৎপাদন বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ।
বিদ্যুৎ উৎপাদনের এই বৈশ্বিক তালিকায় দেশগুলোর মোট উৎপাদনকে বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে বেশি জনসংখ্যা, বড় অর্থনীতি কিংবা ব্যাপক শিল্পকারখানা রয়েছে—এমন দেশগুলোর উৎপাদন স্বাভাবিকভাবেই বেশি হতে পারে।
তবে মোট উৎপাদনে এগিয়ে থাকাই কোনো দেশের বিদ্যুৎব্যবস্থা বেশি উন্নত বা নিরবচ্ছিন্ন, এমন প্রমাণ নয়। কারণ এই তালিকা তৈরিতে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার, সরবরাহের নির্ভরযোগ্যতা কিংবা বিদ্যুতের মান বিবেচনা করা হয়নি।

