জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলারের অনুদান পাচ্ছে বাংলাদেশ। উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। শিগগিরই তহবিলের অর্থ ছাড় করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রথমবারের মতো ছয়টি দেশকে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৩০ মিলিয়ন ডলার পাবে। বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এই অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম বলেন, অনুদানের অর্থ দিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে পারবে। তবে অর্থ ব্যবহারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

