শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তিনি। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে তাঁদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
প্রেস সচিব জানান, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের ১১ ও ১২ নভেম্বরের উচ্চপর্যায়ের কর্মসূচি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন।
সালেহ শিবলী বলেন, সম্মেলনে বাংলাদেশের দাবিগুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা সভায়ও তিনি অংশ নিয়েছেন। সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত পাঁচ দফা দাবির বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক থেকে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন প্রেস সচিব। তাঁর ভাষ্য, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মোট ২১ জন গিয়েছিলেন। সফরসঙ্গীর সংখ্যা সীমিত রাখা ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত মানুষের ভিড় ও জনদুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে বলেও জানান সালেহ শিবলী।
উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন বিবেচনায় পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন।

