সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে।
এ ছাড়া দেশের রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মরণসভা উপলক্ষে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কাজ করেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা ও নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন এবং নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
এ ছাড়া সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসন, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময় এবং আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব নিয়েও লেখা চাওয়া হয়েছে।
প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হওয়া প্রয়োজন। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে বলা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সংগ্রাম, সাফল্য ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে খালেদা জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরার চেষ্টা করা হবে। এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।

