বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। কমিশনের চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে প্রথমে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন বিভাগের কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ হবে এক বছর।
নিয়োগের শর্ত অনুযায়ী, নতুন চেয়ারম্যানকে অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখতে হবে। পাশাপাশি অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে। নতুন নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে এমদাদ উল বারীকে সরিয়ে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি। নতুন চেয়ারম্যানের যোগদানের তারিখও জানানো হয়নি। দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে এই পরিবর্তনের প্রভাব কেমন হবে, এখন সেদিকেই নজর থাকবে।

