দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট (আরএনপিপি) মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ।
পরীক্ষামূলক এই কার্যক্রমে কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া যাচাই করা হবে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হওয়ার পর জাতীয় গ্রিডের কম্পাঙ্ক ও সরবরাহব্যবস্থা কতটা স্থিতিশীল থাকে, সেটিও পরীক্ষা করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, রূপপুর প্রকল্পের পরিচালক তাকে মঙ্গলবারের মধ্যে কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতির কথা জানিয়েছেন। সোমবার তিনি বলেন, প্রকল্প পরিচালক তাকে এ বিষয়ে অবহিত করেছেন।
তবে গ্রিডে সংযোগের বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে কয়েক দফায় কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। মঙ্গলবার আবারও এ উদ্যোগ নেওয়ার কথা রয়েছে। তবে ঠিক কখন এ কার্যক্রম শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রাথমিক পর্যায়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

