দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত করতে ৪৮ জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। সেতুগুলো নির্মিত হলে গ্রামীণ এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে। প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার। স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের কথা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজ চলবে। এর আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। অর্থাৎ প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে ১৯১ মিটারের বেশি। পাশাপাশি ৭ হাজার ৭০০ মিটার সুরক্ষামূলক কাজ, ৬৫ দশমিক ২ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং ৩০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ বাজার, শিল্পপ্রতিষ্ঠান, কৃষিপণ্য উৎপাদনকেন্দ্র, নদীবন্দর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত করা। বিশেষ করে দীর্ঘ সেতুর অভাবে যেসব এলাকায় সরাসরি যাতায়াত ব্যাহত হচ্ছে, সেসব এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সেতুগুলো নির্মিত হলে মানুষের যাতায়াতের দূরত্ব ও পরিবহন ব্যয় কমবে। একই সঙ্গে কৃষক ও ব্যবসায়ীরা সহজে কৃষি ও অকৃষি পণ্য পরিবহন এবং বাজারজাত করতে পারবেন। এতে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ২০২৬ সালের জুলাই মাসে শেষ করে পরামর্শক প্রতিষ্ঠান কেডিএমএএন ইঞ্জিনিয়ার্স। তাদের সুপারিশের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পরে ৪ আগস্ট অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভার সুপারিশ অনুযায়ী অনুমোদনের জন্য একনেকে পাঠানো হয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যটনের বিকাশ, স্থানীয় দারিদ্র্য হ্রাস এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে বলেও আশা করা হচ্ছে। সরকারের ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামোর গ্রামীণ যোগাযোগ উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের অগ্রাধিকারের সঙ্গেও প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।

