জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে শুধু সর্বনিম্ন মূল্যের ভিত্তিতে নয়, সম্পত্তির প্রকৃত বাজারদর বিবেচনায় মূল্য নির্ধারণ করা হবে। এ কাজে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা কমিটি গঠিত হবে, আর নির্ধারিত মূল্যতালিকা কার্যকর থাকবে তিন বছর।
‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে ১১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১) এর দফা (ক)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধনী আনা হয়েছে। সংশোধনের ফলে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ পড়েছে। একই সঙ্গে ‘বাজার মূল্য’ বলতে এখন সম্পত্তির প্রকৃত বাজারমূল্যকে বোঝানো হবে।
নতুন বিধান অনুযায়ী সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার দায়িত্ব জেলা কমিটির, আর এর বাইরের এলাকা দেখবে উপজেলা কমিটি।
বিভাগীয় কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার। সদস্য থাকবেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আয়কর বিভাগের প্রতিনিধি। প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধিও থাকবেন। সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন জেলা রেজিস্ট্রার।
জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। এতে সদস্য হিসেবে থাকবেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা। জেলা রেজিস্ট্রার এখানেও সদস্য-সচিব।
উপজেলা কমিটির নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্যরা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। উপজেলা সাব-রেজিস্ট্রার হবেন সদস্য সচিব।
বাজারমূল্যের তালিকার মেয়াদ এখন তিন বছর। কোনো এলাকার তালিকার মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, সেই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন মূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করতে হবে। তালিকার একটি কপি ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন মহা-পরিদর্শকের কাছে পাঠাতে হবে।
মূল্য নির্ধারণে কমিটিগুলোকে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান এবং যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা বিবেচনা করতে হবে। এ ছাড়া সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্যও দেখতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারদর অনুসন্ধান, গণশুনানির তথ্য, আগের নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য কাজে লাগাতে হবে। বিধিমালায় স্পষ্ট বলা হয়েছে, কোনো একটি বিষয় এককভাবে বিবেচনা করে মূল্য ঠিক করা যাবে না। সংগৃহীত সব তথ্য যাচাই ও বিশ্লেষণ করতে হবে। কোনো মৌজার ভেতরে জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে দামে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।
কমিটিগুলোর তালিকা হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন মহা-পরিদর্শক তা বিবেচনা করে চূড়ান্ত তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। এর অনুলিপি যাবে নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে। এসব দপ্তরে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারে।
তবে আদালতের ডিক্রির ক্ষেত্রে ভিন্ন নিয়ম রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রি কার্যকরের অংশ হিসেবে আদালত যে দলিল সম্পাদন করেন, তা দলিলে দেখানো মূল্যেই নিবন্ধন করতে হবে। বায়নাপত্রের ক্ষেত্রে বায়নাপত্রে উল্লিখিত মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যেই নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রের মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে দেখানো মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধিত হবে।

