গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় এসব জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মোতায়েন করা আনসার সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কে নজরদারি
আনসার বাহিনীর এই কর্মকর্তা বলেন, সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাটালিয়ন সদস্যদের তিন জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁরা কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় স্থির অবস্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন।
সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ঠেকাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়
আনসার সদস্যরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানান মো. নাজমুস সাকিব।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন জেলায় এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

