বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে সংস্থাটি বলেছে, দেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের প্রতিও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।
ফারহান হক আরও বলেন, মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
এদিকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে কাজ করা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলাগুলো তাদের কার্যক্রম ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
হামলার শিকার শাখাগুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরের বিভিন্ন এলাকার শাখা।
এসব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ব্যাংকের সব শাখা, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

