সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়। তবে আটক ওই বিএসএফ সদস্যের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি টহল দল বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাঁকে আটক করা হয়।
বিজিবির ক্যাম্পে আটক সদস্য
আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পে রাখা হয়েছে।
এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে ৪৮ বিজিবি। তবে বৈঠকের সময়সূচি কিংবা আটক সদস্যের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

