সরকারি বরাদ্দ ও ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার কথা বলে মসজিদ-সংশ্লিষ্টদের কাছে টাকা চাইছে একটি প্রতারক চক্র। সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয়ে ফোন করে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অগ্রিম অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ বুধবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এক শ্রেণির অসাধু ব্যক্তি টেলিফোনে যোগাযোগ করছে। তারা সরকারি বরাদ্দ কিংবা বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানোর কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচ দাবি করছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। বরাদ্দ বা বেতন-ভাতা দেওয়ার নামে ফোন করে বিকাশ, নগদ কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এমন কোনো লেনদেনের নির্দেশনাও প্রতিষ্ঠানটি দেয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা বা অন্য কোনো আর্থিক সুবিধার আশ্বাস দিয়ে টাকা চাইলে কোনো অবস্থাতেই তা দেওয়া যাবে না। একই সঙ্গে অপরিচিত কারও কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি প্রকাশ করা থেকেও বিরত থাকতে হবে। সাধারণত প্রতারক চক্র এসব তথ্য হাতিয়ে মোবাইল অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়, তাই এ বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি।
কেউ প্রতারণার শিকার হলে অথবা এ ধরনের চেষ্টার কথা জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়েও বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইমাম ও মুয়াজ্জিনরা সাধারণত স্বল্প আয়ের মধ্যে দায়িত্ব পালন করেন। তাই বেতন-ভাতার প্রলোভনে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলার ঝুঁকি বেশি। সময়মতো সচেতন হলে এ ধরনের প্রতারণা অনেকাংশে ঠেকানো সম্ভব।

